সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

নড়াইলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

নড়াইলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

চলতি মওসুমে নড়াইল জেলার ৩ উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। জেলায় পাকা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের পথে। মোট চাষ করা ৭৫ শতাংশ জমির পাকা আমন ধান কাটা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহে রোপা আমন চাষাবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসস’কে জানান, চলতি মওসুমে সদর উপজেলায় ২০ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে। 


লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১২হাজার ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ায় প্রতিবছর রোপা আমন চাষাবাদে আগ্রহী হচ্ছেন তারা। রোপা আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান, সরিষাসহ রবি শস্য চাষাবাদ করবেন। চলতি মওসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান ডিডি মুহাম্মদ আরিফুর রহমান।

সম্পাদক : আবদুল মাতিন