সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

২৪৬ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের বড় লিড

২৪৬ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের বড় লিড

শেষ পর্যন্ত লড়েছিলেন ধ্রুব জুরেল, এমনকি নিউজিল্যান্ডের মাটিতে দশম উইকেটে তৃতীয় সর্বোচ্চ ৬৪ রানের জুটি গড়েছিলেন গুরনুর ব্রারের সঙ্গে। তবে শেষ পর্যন্ত তিনি ভারতকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচাতে পারেননি। প্রথম ইনিংসে ২৪৬ রানে গুটিয়ে গেছে তারা। ফলে স্বাগতিক কিউইরা ১১০ রানের লিড পেয়েছে।


এর আগে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী ভারতের। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে তারা দিনের খেলা শেষ করে। আজ (রোববার) তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে অনুশুল কম্বুজকে ফিরিয়ে কিউইরা মোমেন্টাম ধরে রাখে। এরপর আকাশ দীপের সঙ্গে ৪৬ এবং ব্রারকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটিতে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন জুরেল। তিন টেল-এন্ডারকে নিয়ে তোলেন ১২৯ রান।


ভারতের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন ধ্রুব জুরেল। যা নিউজিল্যান্ডের মাটিতে দলটির সাত কিংবা আরও নিচের পজিশনের ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ ওয়েলিংটন টেস্টে ওই পজিশনে নেমে অজিঙ্কা রাহানে ১১৮ রানের ইনিংস খেলেন। চলতি সিরিজের প্রথম টেস্টেও ওয়েলিংটনে একই পজিশনে নেমে জুরেল ৭৮ রান করেছিলেন। 


২৫ বছর বয়সী এই উইকেটরক্ষকের কল্যাণেই ভারতের ইনিংস দুইশ পেরোয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ২৯ রান করেছেন নয় নম্বরে ব্যাট করতে নামা আকাশ দীপ। গতকাল দিনের শেষ বলে লোকেশ রাহুল আউট হন, তখন জুরেল অপরাজিত ছিলেন ৭ রানে। আজ দিনের প্রথম সেশনেই দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে তিনি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ফরম্যাটটিতে তার দুটি সেঞ্চুরি আছে। এদিন তৃতীয় সেঞ্চুরি করারও সুযোগ এসেছিল।


১৭০ বলে ১৪ চারের সাহায্যে ৮৮ রানের ইনিংসটি সাজান জুরেল। আকাশ ২৯ রান করেছেন ৫২ বলে ৪টি চারের মারে। এর আগেরদিন রাহুল ২৫ এবং ঋষভ পান্ত ২৩ রান করেছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন কাইল জেমিসন। এ ছাড়া ম্যাট হেনরি, নাথান স্মিথ ও জ্যাকব ডাফি দুটি করে উইকেট নেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৫৬ রান।

সম্পাদক : আবদুল মাতিন