ন্যাশভিলে এসসি’র বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না এলএমটেন। মেসির গোলহীন থাকার দিনে জয়েও দেখাও পায়নি ইন্টার মায়ামি। ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চারানোর দল।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ন্যাশভিলের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয় এই দুই দল। গোলশূন্য ড্র–তে ম্যাচটি শেষ হওয়ায় মায়ামি-ন্যাশভিলের দ্বিতীয় লেগের ম্যাচেতে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে উঠবে কারা। সেই ম্যাচে মেসিরা ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আতিথ্য দেবে একই প্রতিপক্ষকে।
ন্যাশভিলের বিপক্ষে এই ম্যাচে মেসি একটি শট নিয়েছেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক।
কেউ গোল না পেলেও পজেশনে সফরকারীরা আর আক্রমণে এগিয়ে ছিল ন্যাশভিলে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় মায়ামি, যার মাত্র একটি লক্ষ্যে ছিল। বিপরীতে স্বাগতিকরা ১১ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। ৬৫তম মিনিটে সেরা সুযোগটি পায় ন্যাশভিলে। ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং। কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম
























