আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী অঞ্চলের চার জেলার আমের বাজারসংলগ্ন এলাকায় শনিবার (১৮ জুলাই) সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখা হয়েছে। শুধু আজই নয়, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার একই ব্যবস্থা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানিয়েছে, চলমান আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমের বাজার সংলগ্ন ব্যাংকের শাখা নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা থাকবে।
সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্ত আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংক কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















